ARTICLE AD BOX
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব সুলতান আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। পাশাপাশি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
নতুন দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী বলেন, ‘আল্লাহ তা’আলার পক্ষ থেকে আমার ওপর যে দায়িত্ব এসেছে, আমি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
ইরফান উল্লাহ/এসআর/এএসএম








English (US) ·