ARTICLE AD BOX
প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
আহমেদ জোবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন নিয়ন আদালতের আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
গত ১৮ জুন এ মামলায় আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন মামলার অন্য তিন আসামি—আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, আদালতের সমন উপেক্ষা করায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের বিষয়ে আদেশ দেন।
মামলার বাদী সৈয়দ আসাদুজ্জামান গত ১০ মে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতির অভিযোগ এনে আদালতে মামলা করেন। অভিযোগ গ্রহণের পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ মামলায় পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং তাদের সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।
এমডিএএ/এমকেআর
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।








English (US) ·