নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আরও এক বছর সময় দিলো বিএসইসি

3 hours ago 1
ARTICLE AD BOX

তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক (ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর) নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করতে হবে।

রোববার (২৬ জুলাই) বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের করপোরেট গভর্ন্যান্স বিভাগের ব্যাংক, এনবিএফআই ও বিমা শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ এর শর্ত নং ১(২)(ক) অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নের জন্য কমিশন ২০১৮ ও ২০২৪ সালে প্রজ্ঞাপন জারি করে এবং ২০২৫ সালে সময়সীমা নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শেষ সময় ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর।

তবে কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য সময়সীমা আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সুযোগ পাবে।

বিএসইসির উপ-পরিচালক (সাধারণ) মাওদুদ মোমেন স্বাক্ষরিত নির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-কে কমিশনের এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে দ্রুত প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

করপোরেট গভর্ন্যান্স শক্তিশালী করা এবং পরিচালনা পর্ষদে নারীর অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বিএসইসির এ সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য নতুন সময়সীমা নির্ধারণ করলো।

এমএএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Read Entire Article