‘কাঞ্চনের ক্ষমতা আছে বলেই বাবা হয়েছে’, সমালোচনার জবাব শ্রীময়ীর

4 hours ago 1
ARTICLE AD BOX

দ্বিতীয়বার মা হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। শনিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বাবা হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। বর্তমানে মা ও নবজাতক দুজনেই হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল থেকেই ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শ্রীময়ী। তিনি জানান, এখনও তাদের মেয়ে কৃষভি ছোট ভাইকে দেখেনি। রোববার তাকে হাসপাতালে আনা হবে। ভাইকে দেখে মেয়ের প্রতিক্রিয়া কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

ছেলে সন্তান চেয়েছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে শ্রীময়ী বলেন, তিনি ও কাঞ্চন কখনোই ছেলে বা মেয়ের কথা আলাদা করে ভাবেননি। তাদের একমাত্র চাওয়া ছিল, সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। তিনি বলেন, আবার মেয়ে হলেও সমান আনন্দিত হতেন।

দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে শ্রীময়ী জানান, জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই তিনি পরিকল্পনা করে করেননি। অভিনয়ে আসা, কাঞ্চন মল্লিককে বিয়ে কিংবা মাতৃত্ব-সবকিছুই তার কাছে ঈশ্বরের আশীর্বাদ। তবে নিজের জীবনে ভাই-বোনের গুরুত্ব অনুভব করেই তিনি চেয়েছিলেন, কৃষভিরও একজন সঙ্গী থাকুক।

অভিনেত্রী জানান, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর প্রথমে কিছুটা ভয় পেয়েছিলেন। কারণ সবকিছু যেন খুব দ্রুত ঘটছে বলে মনে হয়েছিল তার। তবে স্বামী কাঞ্চন মল্লিক, পরিবারের সদস্যরা এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন। তাদের পরামর্শেই তিনি ইতিবাচক মনোভাব নিয়ে মাতৃত্বকে গ্রহণ করেন।

এদিকে ৫৬ বছর বয়সে কাঞ্চন মল্লিকের আবার বাবা হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা দেখা গেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ীও।

সমালোচনার জবাবে তিনি বলেন, ‘বয়স বেশি তো কী হয়েছে? কাঞ্চনের ক্ষমতা আছে বলেই বাবা হয়েছে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক বিষয়। যারা এটি নিয়ে কটাক্ষ বা অশালীন মন্তব্য করছেন, তাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালে কন্যাসন্তান কৃষভির জন্মের পর এবার পুত্রসন্তানের আগমনে পূর্ণতা পেল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পরিবার।

এমএমএফ

Read Entire Article